ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

 

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস


বাংলাদেশ-ভারত সীমান্তে ঢাকার ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণরূপে অসত্য ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত কয়েকটি সংবাদের স্ক্রিনশটের কোলাজ করা একটি গ্রাফিকস সংযুক্ত করে পোস্টটিতে বলা হয়, এটি সম্পূর্ণরূপে একটি অসত্য ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বাংলাদেশ রুটিন কার্যক্রম বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি।’

এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ বলেও এতে উল্লেখ করা হয়।

পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে গতকাল শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তাদের বরাতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমও এমন খবর ছাপে। ইন্ডিয়া টুডের খবরটির স্ক্রিনশট দিয়ে প্রেস উইং ফ্যাক্টসের পেজ থেকে ইংরেজিতেও একটি পোস্ট করা হয়। সেখানেও একই কথা বলা হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাক্তার টিবি-২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এ ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে ১২টি বায়রাক্তার টিবি-২ ড্রোনের প্রথম ধাপে ৬টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post